সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প শরীরে আঘাতের প্রভাবে মারা গেছেন বলে জানিয়েছেন নিউ ইয়র্কের মেডিক্যাল পরীক্ষক কর্মকর্তা। তিনি জানান, বৃহস্পতিবার দুর্ঘটনায় ৭৩ বছরের ইভানার মৃত্যু হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। নিউ ইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। তৎকালীন চেকোস্লোভাকিয়ায় জন্ম নেওয়া ইভানা ট্রাম্পের সঙ্গে ১৯৭৭ সালে ডোনাল্ড ট্রাম্পের বিয়ে হয়। ১৫ বছর পর ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ হয়। ট্রাম্প বলেছেন, ‘তিনি চমৎকার, সুন্দর এবং অসাধারণ নারী ছিলেন, যিনি একটি মহান ও অনুপ্রেরণামূলক জীবন কাটিয়েছেন’। তাদের একসঙ্গে তিন সন্তান রয়েছে। -এফএনএস
তারা হলেন ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা এবং এরিক ট্রাম্প। ১৯৮০ ও ১৯৯০ দশকে নিউ ইয়র্কে উল্লেখযোগ্য পাবলিক ফিগার ছিলেন ডোনাল্ড ও ইভানা ট্রাম্প। তাদের বিচ্ছেদ নিয়ে ব্যাপক জনআগ্রহ তৈরি হয়। বিচ্ছেদের পর ইভানা ট্রাম্প তার নিজস্ব ধরণ অনুযায়ী সৌন্দর্য্য পণ্য, পোশাক এবং অলংকার ব্যবসা চালু করেন। সন্তানদের বড় করতে তাকে ঋণ নিতে হয় বলে ২০১৭ সালে এক স্মৃতিকথায় লেখেন তিনি। সেখানে তিনি লেখেন, তাদের শিক্ষা, কার্যক্রম, ভ্রমণ, শিশু যত্ন এবং ভাড়া পরিশোধে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়।