তোফায়েল আহমেদ, সাপাহার : নওগাঁর সাপাহারে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার সর্বমোট ২৯৮৬ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হবে। বিনামূল্যে বীজ, সার ও আধুনিক কৃষি উপকরণ পেয়ে চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শনিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাপলা খাতুন। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় ২,০০০ জন কৃষককে রোপা আমন, ৪০০ জনকে বৃক্ষরোপণ, ২২০ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজ, ৩২০ জনকে শাকসবজি, ২০ জনকে হাইব্রিড মরিচ এবং ২০ জনকে লেবুর চারা প্রদান করা হবে। এছাড়া ৬ জন কৃষককে পেঁয়াজ সংরক্ষণের আধুনিক এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে। সব মিলিয়ে উপজেলার ২,৯৮৬ জন কৃষক এ কর্মসূচির আওতায় উপকৃত হবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবুসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।