মচমইল থেকে সংবাদদাতা : অর্থ আত্মসাতের ঘটনায় দায়েরকৃত মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী ইউনুস সরদার (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে বাগমারা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তার পিতার নাম আকালু সরদার।
জানা গেছে, ২০১৩ সালের দিকে গ্রেপ্তারকৃত ইউনুস সরদারসহ ওই মামলার বাদী তাহেরপুরের গোলাম মোর্শেদ সহ মোট ৬টি শেয়ারে তাহেরপুর এগ্রো লিমিটেড নামে একটি যৌথ মালিকায় কোম্পানী চালু করেন।
এটি চালুর কয়েক বছর পর ইউনুস সরদার তার সমস্ত শেয়ার গোলাম মোর্শেদের নিকট বিক্রয়ের লক্ষ্যে নন জুডিশিয়াল স্ট্যাম্পে লেখাপড়ার মাধ্যমে চুক্তিবদ্ধ হয়। সে মোতাবেক ৪ লাখ টাকাও নেয় ইউনুস সরদার। দীর্ঘ দিন পার হলেও গোলাম মোর্শেদের সাথে যে চুক্তি তা বাস্তবায়ন না করেই অর্থআত্মসাৎ করে লাপাত্তা হয় ইউনুস সরদার। অবশেষে ২০২১ সালে প্রতারণার শিকার গোলাম মোর্শেদ রাজশাহীর রাজপাড়া থানায় ইউনুস সরদারের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করায় একটি মামলা দায়ের করে।
প্রতারণার ওই মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি করে মহামান্য আদালত। আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করতে পারছিল না পুলিশ। অবশেষে বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।