সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ!

Paris
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর মান্দায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার অজুহাতে স্কুল থেকে শিক্ষার্থীদের বসার বেঞ্চ নিয়ে যাওয়ায় সপ্তাহজুড়ে পাঠদান বন্ধ থাকার অভিযোগ উঠেছে। উপজেলার প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে। বসার জায়গা না থাকায় প্রতিদিন প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা স্কুলে গিয়েও ক্লাস না করে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এমন অব্যবস্থাপনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বৃত্তি পরীক্ষার কেন্দ্র সাজানোর জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেঞ্চ সংগ্রহ করে। এরই ধারাবাহিকতায় প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিংহভাগ বেঞ্চ নিয়ে যাওয়া হয়। ফলে শ্রেণিকক্ষ বেঞ্চশূন্য হয়ে পড়ায় গত এক সপ্তাহ ধরে পাঠদান কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। অথচ উপজেলার অন্য স্কুলগুলোতে নিয়মিত পাঠদান চলছে।
ভুক্তভোগী অভিভাবকরা অভিযোগ করে বলেন, শিক্ষা অফিসের পরিকল্পনার অভাবে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। প্রতিদিন বাচ্চারা স্কুলে যাচ্ছে, কিন্তু বসার জায়গা না থাকায় শিক্ষকরা তাদের ছুটি দিয়ে দিচ্ছেন। একটি সরকারি বিদ্যালয়ে এভাবে এক সপ্তাহ ক্লাস বন্ধ থাকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ বিষয়ে প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বেঞ্চ না থাকায় তারা ক্লাস নিতে পারছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে, শিক্ষা অফিসের এমন তুঘলকি কান্ডে এলাকায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে মান্দা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা অবিলম্বে এ ঘটনার তদন্ত করে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।


আরোও অন্যান্য খবর
Paris