এফএনএস : নির্বাচন কমিশন গঠন আইন সরকারের একটি কূটকৌশল বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। এটাকে ইসি গঠনের আইন না বলে অনুসন্ধান কমিটি গঠনের আইন বলেও তারা মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন পাসের আগে আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ ও রুমিন ফারহানা এসব কথা বলেন। বিএনপির সদস্য হারুনুর রশিদ বলেন, সংবিধানে বলা আছে নির্বাহী বিভাগের দায়িত্ব ইসিকে সহায়তা করা। কিন্তু না করলে কী হবে তা বলা নেই।
এসব নিয়ে একটি পুরো আইন হওয়া উচিত। এই আইনটি সরকারের একটি কূটকৌশল। ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন হয়েছে, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। এই আইনের মাধ্যমে আগামীতে দিনের বেলা নতুন কৌশলে নির্বাচন করবে কিনা, তা নিয়ে মানুষের প্রশ্ন আছে। এখন যে রাজনৈতিক প্রেক্ষাপট তাতে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ বিষয়ে আলোচনার ব্যবস্থা করার দাবি জানাই। হারুনুর রশিদ আরও বলেন, জনগণ মনে করে সরকার আইন করার নামে তাদের সাথে প্রহসন করছে। এই আইনটির সাথে ২০১৭ সালের সার্চ কমিটির প্রজ্ঞাপনে খুব একটা অমিল নেই।
কোনো আইন মানুষের অকল্যাণে হলে তা করার থেকে না করাই ভালো। সার্চ কমিটিতে অন্তর্ভুক্তির যোগ্যতা একটি, তা হলো সরকারের অনুগত হওয়া। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানদের সার্চ কমিটির দায়িত্ব দেওয়া হলে তাদেরও বিতর্কিত করা হবে। এই আইনে জনগণ হতাশ। তারা এটা চায় না। তাদের দাবি বর্তমান প্রধানমন্ত্রী ১৯৯৫-৯৬ ও ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলেন সেই তত্ত্বাবধায়ক সরকার। অবশ্যই নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হতে হবে। প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো, আপনি উদ্যোগ নিন।
সব রাজনৈতিক দলগুলোর সাথে বসে নির্বাচনকালীন সময়ে কীভাবে নির্বাচনটি করবেন সেটা ঠিক করুন। সরকারে থাকতে একরকম বক্তব্য আর বিরোধী দলে গেলে অন্যরকম বক্তব্য ঠিন নয়। বিএনপির আরেক সদস্য রুমিন ফারহানা বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য। স্বাধীনভাবে রাষ্ট্রপতি কোনো কাজ করতে পারেন না। কিন্তু রাষ্ট্রপতিকে একটি ইল্যুশন হিসেবে সামনে আনা হয়।