এফএনএস : এবার করোনাভাইরাসের আরও শক্তিশালী একটি ধরণ শনাক্ত হয়েছে শ্রীলঙ্কায়। রোগ বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে এখন পর্যন্ত পাওয়া সবগুলো ধরণের মধ্যে এটিই সবচেয়ে বেশি সংক্রামক। বাতাসের মাধ্যমে ছড়াতে সক্ষম নতুন এই ধরণটি। বাতাসে এক ঘন্টার কাছাকাছি ভাইরাসটি সক্রিয় থাকতে পারে বলে জানিয়েছেন শ্রী জয়াবর্ধনপুরা বিশ্ববিদ্যালয়ের রোগতত্ত্ব বিভাগের প্রধান নিলিকামালাভিজে।
গত সপ্তাহে নববর্ষ উদযাপনের পর থেকে তরুণদের মধ্যেও ধরণটি দ্রুত ছড়িয়ে পড়ছে। নতুনভাবে সংক্রমিত হওয়া রোগীরা আগের তুলনায় শ্বাসকষ্ট, অক্সিজেনসহ অন্যান্য জটিলতায় বেশি ভুগছেন। এর ফলে আগামী দুই তিন সপ্তাহের মধ্যে দেশটিতে করোনা মহামারির তৃতীয় ঢেউ শুরু হতে পারে বলে শঙ্কা দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এরই মধ্যে করোনা প্রতিরোধে দেশটিতে নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে যা মে মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।