রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণকে জুতা মারালেন এক ছাত্রলীগ নেতা!

Paris
Update : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

এফএনএস : ঝিনাইদহের মহেশপুরে অসুস্থ বাবার সামনে এক তরুণকে নিজের মুখে জুতার বাড়ি দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আরিফুজ্জামান বিপাশের পা ধরেও ক্ষমা চাইতে হয়েছে ওই তরুণকে। এ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন হাসপাতালের চিকিৎসাধীন বাবা গিয়াস উদ্দিন সরকার। বুধবার মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। হৃদ্রোগে আক্রান্ত হয়ে সেখানে ভর্তি হয়েছিলেন গিয়াস উদ্দিন (৬২)। সেই দৃশ্যের স্মৃতি নিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।

ভুক্তভোগী ওই তরুণের নাম এসএম সরকার ওরফে হোসাইন সরকার। তিনিও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বাড়ি মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামে। মুখে জুতা মারার ঘটনার পর দুঃখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হোসাইন লিখেছিলেন, মানুষ কখন আত্মহত্যা করে? বাবার মৃত্যুর পর তিনি কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছেন। শুধু বলছেন, ওরা আমাকে জুতা মারতে বাধ্য করার কারণে অসুস্থ বাবা খুব কষ্ট পেয়েছেন, যে কারণে তাকে বাঁচানো গেল না। জুতা মারার ঘটনা সরাসরি অস্বীকার করেননি ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান।

তবে ঘটনা নিয়ে তার ভাষ্য, তারা ওই কর্মীর অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। এ সময় হোসাইন দুঃখ প্রকাশ করে বলেন, ‘এতোদিন আপনাদের সঙ্গে বিরোধ করে এসেছি, অথচ আপনারা আমার বাবাকে দেখতে এসেছেন। আমি এতদিন ভুল করেছি, এজন্য ক্ষমা চাচ্ছি। ছাত্রলীগ নেতা আরও দাবি করেন, হোসাইন নিজেই তাকে জুতা দিয়ে মারতে বলেন। তখন তিনি নিজে না মেরে পা থেকে জুতা খুলে এগিয়ে দেন। তখন হোসাইন নিজেই নিজের মুখে জুতা মারেন। হোসাইনের ভগ্নিপতি মোমিনুর রহমান বলেন, হোসাইন ছাত্রলীগ করেন। মাঝে কিছুদিন ঢাকায় ছিলেন। অল্প দিন হলো বাড়িতে এসেছেন। তিনি ছাত্রলীগের একটি গ্রুপের বিপক্ষে ছিলেন।

দুই পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে নানা লেখালেখি করেন। এই লেখালেখি নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি বলেন, তার শ্বশুর গিয়াস উদ্দিন সরকার ৭ ডিসেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং কিছুটা সুস্থতার দিকে যাচ্ছিলেন। হাসপাতালে বাবার পাশে ছিলেন ছেলে হোসাইন। সেখানে তার মা মোছা. খাদিজা খাতুনও উপস্থিত ছিলেন। একদিন পর ৮ ডিসেম্বর রাতে ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান বিপাশ তিন-চারজন অনুসারী নিয়ে হাসপাতালে আসেন। তারা হোসাইনকে পেয়ে অসুস্থ বাবা ও পাশে থাকা মায়ের সামনেই তার ওপর চড়াও হন।

ফেসবুকে নানা কথা লেখার প্রসঙ্গ তুলে চাপ সৃষ্টি করেন। এ সময় হোসাইন তাদের আক্রমণাত্মক পরিস্থিতি দেখে ক্ষমা চান। একপর্যায়ে পায়ে ধরেও ক্ষমা ভিক্ষা চান। এরপরও ছাত্রলীগ সভাপতি নিজের পায়ের জুতা খুলে এগিয়ে দেন। হুকুম দেন নিজের মুখে জুতার বাড়ি মারতে। উপায় না দেখে এসএম সরকার নিজের মুখে জুতা দিয়ে বাড়ি মারেন। মোমিনুর রহমান আরও বলেন, এ ঘটনার পর তার শ্বশুর মানসিক কষ্টে আরও অসুস্থ হয়ে পড়েন। তারা কাছে গেলে শুধু প্রশ্ন করতে থাকেন, কেন ছেলেকে দিয়ে নিজের মুখে জুতার বাড়ি দেওয়ানো হলো। তার ছেলে কী অপরাধ করেছে? কিন্তু তিনি কোনো উত্তর খুঁজে পাননি, ছেলেও বাবার প্রশ্নের উত্তর দিতে পারেননি। এ অবস্থায় বৃহস্পতিবার আরও অসুস্থ হয়ে পড়েন গিয়াস উদ্দিন।


আরোও অন্যান্য খবর
Paris