এফএনএস : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হয়ে গেলো গোল্ডেন জুবিলী বাংলাদেশ কনসার্ট। যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যয়বহুল অডিটোরিয়াম ম্যানহাটন ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হয় এ আয়োজন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সঙ্গে কণ্ঠ মেলান প্রবাসী বাংলাদেশিরা। ১৯৭১ সালের এক আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেডিসন স্কয়ারে সঙ্গীত উৎসবে যোগ দিয়েছিলেন বিশ্বেন নানা প্রান্তের মানুষ। স্বাধীনতার জন্য লড়াই করা একটি দেশের পাশে দাঁড়ানো সেই আয়োজনের নাম ছিল- দ্য কনসার্ট ফর বাংলাদেশ।
৫০ বছর আবারো সেজেছিল মেডিসন স্কয়ার। আবারো কনসার্ট, তবে সাহায্য পেতে নয়। এবারের আয়োজন স্বাধীনতার ৫০ বছর পূর্ণ করা বাংলাদেশের সাফল্যের বার্তা পৌঁছে দেয়া। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। এ সময় মঞ্চে উঠে কণ্ঠ মেলান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নুরুল ইসলাম, নাহিদ খান ও অপরাজিতা হক। তাদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান অসংখ্য বাংলাদেশি প্রবাসীসহ আগত দর্শনার্থীরা।
বাংলাদেশের সরকারি বা বেসরকারি উদ্যোগে এই প্রথম ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কোনও অনুষ্ঠানের আয়োজন করা হলো। আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কনসার্টের মূল প্রতিপাদ্য ছিল ‘লেট দি মিউজিক সে’। কনসার্টে গান পরিবেশন করে জার্মানির বিখ্যাত ব্যান্ড স্করপিয়নস। ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটও। ২০২১ সালের ডিসেম্বরে এই আয়োজনের কথা ছিল, কিন্তু নিউইয়র্কে করোনার প্রকোপ বাড়ায় তা পিছিয়ে দেয়া হয়।