মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। একই দিনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করা হবে। এ উপলক্ষে সকাল ১০টায় নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সায়েম বিন সোলায়মান এফসিএমএ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাছানাত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম এহছানুল হক মিলন, এমপি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আইন বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই দুই বিভাগের শিক্ষা কার্যক্রম চালুর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে জেলার উচ্চশিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা সংশ্লিষ্টদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহম্মেদ, ইউজিসির সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম এবং নওগাঁ জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক। এ ছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষাবিদ, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের মাধ্যমে নওগাঁ বিশ্ববিদ্যালয় তার একাডেমিক পথচলার আনুষ্ঠানিক সূচনা করবে।