এফএনএস : পারমানবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে চীন। এতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সোমবার আমেরিকান ফেডারেশন অব সায়েন্টিস্টস-এএফএস জানিয়েছে, চীন তাদের সিনজিয়াং এর পূর্বাঞ্চলে হামির কাছে পারমাণবিক অস্ত্রের জন্য একশ ১০টি নতুন ক্ষেপণাস্ত্র সাইলো তৈরি করেছে। বুধবার সুইজারল্যান্ডে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে বৈঠকের আগে এ খবর প্রকাশ পেল।
এক সপ্তাহ আগেও চীনের ইউমেনে আরো একশ ২০টি সাইলো তৈরির খবর প্রকাশিত হয়েছিল। চীনের ক্রমাগত অস্ত্র মজুদে উদ্বেগ জানিয়েছে পেন্টাগন কর্মকর্তা এবং রিপাবলিকান দলের কংগ্রেস সদস্যরা। পারমাণবিক অস্ত্রের নূন্যতম মজুদ বজায় রাখার নীতি চীন লঙ্ঘণ করেছে বলে অভিযোগ তাদের।
বিপরীতে চীনের দাবি তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ যুক্তরাষ্ট্র বা রাশিয়ার তুলনায় নগন্য। ২০২০ সালে পেন্টাগন জানিয়েছিল চীনের পারমাণবিক বোমার মজুদ সর্বনিম্নে আছে। তাই সামরিক বাহিনী আধুনিকায়নের জন্য তারা মজুদ দ্বিগুণ করতে পারে।