এফএনএস : কানাডার পশ্চিমাঞ্চলে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে আরো একটি পরিত্যক্ত স্কুলের কাছে ১৬০টিরও বেশি কবরের সন্ধান পাওয়া গেছে। সোমবার ব্রিটিশ কলম্বিয়ার দক্ষিণ উপসাগরীয় দ্বীপপুঞ্জের একটি দ্বীপে অননুমোদিত এবং চিহ্নহীন কবর পাওয়ার খবর জানায় এক আদিবাসী গোষ্ঠী।
পেনেলাকুট আদিবাসী গোষ্ঠী জানায়, কুপার আইল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্কুলটি ১৮৯০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পরিচালিত হয়েছিলো। একসময় আদিবাসী স্কুলগুলোতে যে বর্বরতা চালানো হতো এটি তার নিদর্শন বলছেন অনেকেই।
গত মে মাসে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস এলাকার একটি পরিত্যক্ত আবাসিক স্কুলের ভবন থেকে ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধার হয়। এরপর সাসকাচেওয়ান প্রদেশে পরিত্যক্ত আবাসিক স্কুলে পাওয়া যায় আরো অনেক চিহ্ন না থাকা কবর।