এফএনএস : তীব্র গরমে নাকাল পাকিস্তান। দেশটির সিন্ধু প্রদেশে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বিভিন্ন প্রদেশে প্রতিনিয়ত তাপমাত্রা বাড়তে থাকায় জনজীবনে দুর্ভোগ চরমে পৌঁছেছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এর মধ্যেই দেশটিতে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং। খবর রয়টার্সের। কয়েকদিন ধরে সূর্যের প্রখর উত্তাপে, অস্বস্তি আর দুর্ভোগ এখন নিত্যসঙ্গী। পাকিস্তানে অসহনীয় গরমে নাভিশ্বাস চরমে। দেশটির সিন্ধু প্রদেশে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ইসলামাবাদ, করাচি, বেলুচিস্তানেও প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা। এ অবস্থায় তীব্র গরম থেকে বাঁচতে পানি, বিভিন্ন ফলের জুসসহ ঠান্ডা পানীয় পান করতে দোকানগুলোতে ভিড় করছে মানুষ। এমনকি গরম থেকে বাঁচতে কেউ গাছতলায় নিচ্ছেন বিশ্রাম। অনেকেই আবার নেমে পড়ছেন পানিতে। আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দাবদাহ অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর। এ অবস্থায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের।
আবহাওয়াবিদ সরফরাজ জানান, গরমের মাত্রা সকাল থেকে দুপুর অবধি বেশি থাকছে। বাইরে বের হওয়াটাই কঠিন হয়ে পড়ছে। মে মাসের শুরুতেও এমন আবহাওয়াই থাকার সম্ভাবনা বেশি। এ সময় পানিশূন্যতায় ভুগতে হতে পারে, তাই সবার উচিত অনেক বেশি পানি পান করা এবং সচেতন থাকা। তীব্র গরমে এমনিতেই হিমশিম অবস্থা, তারমধ্যে আবার লোডশেডিং মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন প্রদেশে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয় সংবাদপত্র দ্য ডন জানাচ্ছে, বর্তমানে দেশটির শহরের দিকে ৬-১০ ঘণ্টা এবং গ্রামের দিকে ৮-১৬ ঘণ্টা লোডশেডিং থাকছে।
বিদ্যুতের ঘাটতি রয়েছে ছয় থেকে সাত হাজার ইউনিটের, ফলে দেশজুড়ে লোডশেডিং হচ্ছে। লাহোরের এক বাসিন্দা জানিয়েছেন, বুধবার থেকে লাহোরে আট ঘণ্টা বা তার বেশি সময় ধরে লোডশেডিং হচ্ছে। এর মধ্যে ছয় ঘণ্টা দিনে, দুই ঘণ্টা রাতে। আর গ্রামের দিকে ১২-১৪ ঘণ্টা লোডশেডিং থাকছে। স্থানীয় বাসিন্দারা জানান, রমজান মাসে লোডশেডিংয়ের ফলে মানুষের কষ্ট আরও বেড়েছে। পাকিস্তানে এখন বিদ্যুতের চাহিদা প্রায় ২৫ হাজার মেগাওয়াট। কিন্তু উৎপাদন হচ্ছে ১৮ হাজার মেগাওয়াটের মতো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ¦ালানির সংকট সাময়িক। খুব তাড়াতাড়ি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে।