এফএনএস : ইউক্রেনে আক্রমণের ফলে রাশিয়া ‘নিকৃষ্টতর দেশে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। গত বৃহস্পতিবার স্কাই নিউজের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আগের মতো শক্তিশালী নন। তিনি এখন নিজের তৈরি খাঁচায় থাকা একজন মানুষ। যুক্তরাজ্য ও তাদের মিত্ররা ইউক্রেনকে আরও অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে বলে জানান বেন ওয়ালেস। বেন ওয়ালেস বলেন, রাশিয়া তার কারণেই মহান দেশ হওয়ার বদলে দুর্বল দেশ হয়ে পড়েছে আর ইচ্ছাকৃতভাবে আগ্রাসন চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন।
তিনি আরো বলেন, তার সেনাবাহিনী বিপর্যস্ত, তিনি মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। রাশিয়ার মহান সেনাবাহিনীর সুনাম ধূলায় মিশেছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনে পুতিন যা করেছেন তাকে শুধু তাই নিয়ে বাঁচতে হবে না বরং নিজ সেনাবাহিনীর ক্ষতি নিয়েও বাঁচতে হবে। ইউক্রেনে রুশ বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলেও দাবি করেন তিনি। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেন, রুশ বাহিনীকে নতুন করে সাজানো হচ্ছে বলে মনে করা হচ্ছে। তারা ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের দিকে তাদের মনোযোগ বাড়াচ্ছে। তিনি বলেন, আগেও আমরা এমনটা দেখেছি। এর ফল আরও খারাপ হয়। আরও বেশি বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়, আরও বেসামরিক এলাকায় তা ছড়িয়ে পড়ে।