এফএনএস
শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ল নানাভাবে আলোচিত ও সমালোচিত গণঅধিকার পরিষদ। সেই সঙ্গে আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি) আরও ৯টি দল ছিটকে পড়ছে নিবন্ধনের তালিকা থেকে। ইসির নিবন্ধন পাওয়া দুটি দল হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। নতুন দুটি দলের বিষয়ে আজ সোমবার পত্রিকায় গণ-বিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি। গতকাল রোববার ইসির সভায় আলোচনার জন্য সংক্ষিপ্ত তালিকায় ১২টি দলকে রাখা হয়েছিল। কিন্তু ১০টি দলের নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্যের সঙ্গে মাঠের তথ্যের মিল পায়নি নির্বাচন কমিশন। ফলে দলগুলোকে তালিকা থেকে বাদ দিয়েছে ইসি। কমিশনসভা শেষে সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। ইসি সচিব বলেন, যাচাই-বাছাই শেষে বিএনএম ও বিএসপি নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসি। বিষয়টি নিয়ে আগামীকাল (আজ) সোমবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে কারও কোনো আপত্তি থাকলে তা ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করে কমিশনপরবর্তী সিদ্ধান্ত নেবে। আপত্তি নিষ্পত্তির পর কমিশন সন্তুষ্ট হলে দল দুটিকে নিবন্ধন দেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধাপে ধাপে যাচাই-বাছাই করা হয়েছে। মাঠপর্যায়ে অফিস থাকার কথা, কমিটি থাকার কথা, জনবল থাকার কথা। এগুলো সব যাচাই করেছি। পুনরায় যাচাই করে এই দুটি দলের আইন অনুযায়ী সবকিছু থাকায় গণ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর পরই চূড়ান্ত হবে যে, কারা কারা নিবন্ধন পাবে। বাকি ১০টি দল যে তথ্য দিয়েছে মাঠপর্যায়ে যাচাই করে গরমিল পাওয়ায় তাদের আবেদন বাতিল করা হয়েছে। জানা গেছে, নতুন দল হিসেবে নিবন্ধন পাওয়ার সংক্ষিপ্ত তালিকায় ১২টি রাজনৈতিক দল ছিল। সেগুলো হচ্ছে- আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডি)। এসব রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি ও মাঠপর্যায়ের কার্যালয় সক্রিয় রয়েছে কিনা তা দুই দফা যাচাই করেছে ইসি। ওই দুই দফার প্রতিবেদনের ওপর ভিত্তি করে নতুন দল নিবন্ধন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ২১ জেলা ও ১০০ উপজেলা বা থানায় কার্যকর কমিটি ও কার্যালয় এবং প্রতিটি উপজেলায় দলের অন্তত ২০০ জন ভোটার থাকার নিয়ম রয়েছে। দুই দফায় এসব দলের মাঠ কার্যালয় ও কমিটি যাচাই করেছে ইসি। ওই দুই ধাপে পাওয়া প্রতিবেদন গতকাল রোববার কমিশনসভায় তোলা হয়। এতে যারা শর্ত পূরণ করতে সক্ষম হয়েছে, নিয়মানুযায়ী তারা নিবন্ধন পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হয়।
দুইটি দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত : নতুন দুটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে। দল দুটি হচ্ছে-বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। নির্বাচন কমিশন গতকাল এই সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার এই দুই দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ২৬ জুলাই পর্যন্ত দল দুটির বিষয়ে কোনো আপত্তি থাকলে তা দাখিল করা যাবে। পরবর্তী সময় আপত্তি নিষ্পত্তি শেষে দল দুটিকে নিবন্ধন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল গতকাল রোববার সকালে নির্বাচন কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ইসি সচিবালয়ের সচিব জাহাংগীর আলম এই তথ্য জানান। নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়া কোনো দল দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে না। নিবন্ধনের জন্য এবার ৯৩টি দল আবেদন করেছিল। প্রাথমিক বাছাই শেষে ১২ টি দলের বিষয়ে মাঠপর্যায়ে তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। ১২টি দলের মধ্যে শেষ পর্যন্ত ২টি দলকে বেছে নিল ইসি। ইসি সচিব জাহাংগীর আলম বলেছেন, মাঠপর্যায়ের তথ্য যাচাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই দলের ক্ষেত্রে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটির তথ্যসহ সব তথ্য যথাযথ পাওয়া গেছে। বাকি ১০টি দলের ক্ষেত্রে মাঠের তথ্যে গরমিল পাওয়া যায়। জানা গেছে, নতুন দল হিসাবে নিবন্ধন পাওয়ার সংক্ষিপ্ত তালিকায় ১২টি রাজনৈতিক দল ছিল। সেগুলো হচ্ছে-এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়াতাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডি)। ওইসব রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি ও মাঠপর্যায়ের কার্যালয় সক্রিয় রয়েছে কিনা তা দুই দফা যাচাই করেছে নির্বাচন কমিশন। ওই দুই দফার প্রতিবেদনের ওপর ভিত্তি করে নতুন দল নিবন্ধন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসি। আরও জানা গেছে, আইন অনুযায়ী নিবন্ধন পেতে ২১ জেলা ও ১০০ উপজেলা বা থানায় কার্যকরী কমিটি ও কার্যালয় এবং প্রতিটি উপজেলায় দলের অন্তত ২০০ ভোটার থাকার নিয়ম রয়েছে। নির্বাচন কমিশন দুই দফায় এসব দলের মাঠ কার্যালয় ও কমিটি যাচাই করেছে। ওই দুই ধাপে পাওয়া প্রতিবেদন গতকাল কমিশন সভায় তোলা হয়। এতে যারা শর্ত পূরণ করতে সক্ষম হয়েছে, নিয়ম অনুযায়ী তারা নিবন্ধন পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হবে।