স্টাফ রিপোর্টার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষাকে সামনে রেখে এবার বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশ্ববিদ্যালয়টিতে ২৯ মে থেকে ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তাই ২৮ মে থেকেই তিনটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া নিয়মিত যাত্রীর পাশাপাশি শিক্ষার্থীদের বাড়তি চাপ সামলাতে আরও পাঁচটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ট্রেনগুলো রাজশাহী-ঢাকাসহ বিভিন্ন রুটে চলাচল করে। ভর্তি পরীক্ষা উপলক্ষে নেওয়া এ বিশেষ ব্যবস্থাপনার কথা জানিয়ে এরইমধ্যে সংশ্লিষ্ট সব শাখায় চিঠি দিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আবদুল আউয়াল। গত ২২ মে ওই চিঠি সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আবদুল আউয়াল বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেসের আগামী ২৮ মের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেস এবং খুলনা-রাজশাহী-খুলনা রুটের আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেসের ৩০ মের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে। কেবল তাই নয়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে গোবরা-রাজশাহী-গোবরা রুটে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে ২৭ মে থেকেই অতিরিক্ত দুইটি বগি সংযোজন করা হবে। এর মধ্যে একটি প্রথম শ্রেণি ও একটি শোভন চেয়ার আসনের বগি থাকবে। আর এই ট্রেনটিতে অতিরিক্ত দুইটি বগি আগামী ৩১ মে পর্যন্ত সংযুক্ত থাকবে। অন্য চারটি ট্রেনে অতিরিক্ত বগি থাকবে ২৮ মে থেকে আগামী ৩১ মে পর্যন্ত। এর মধ্যে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে একটি প্রথম শ্রেণি ও একটি শোভন চেয়ারের বগি, ঢালারচর-রাজশাহী-ঢালারচর রুটের ঢালারচর এক্সপ্রেসে একটি করে প্রথম শ্রেণি ও শোভন চেয়ারের বগি অতিরিক্তভাবে সংযোজন হবে। আর রাজশাহী-খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন সাগরদাঁড়ি এক্সপ্রেস এবং পঞ্চগড়-রাজশাহী রুটের বাংলাবান্ধা এক্সপ্রেসে একটি করে প্রথম শ্রেণির বগি সংযোজন করা হবে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বিদ্যাপীঠ। সাধারণত এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় যাত্রী চাপ প্রায় দ্বিগুণ হয়ে যায়। এজন্য নিয়মিত চলাচলকারী যাত্রীদের যেন কষ্ট না হয়, আর পরীক্ষার্থী ও অভিভাবকদের একটু সুবিধা হয় তারা সেই চেষ্টা করছেন। আর এজন্যই কয়েকটি ট্রেনের ছুটি বাতিল এবং অতিরিক্ত বগি সংযোজনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
অন্যদিকে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের জন্য তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ২৯, ৩০ ও ৩১ মে ফ্লাইটগুলো চলবে। ফ্লাইটগুলো ঢাকা থেকে বিকেল সাড়ে ৩টায় যাত্রা করবে। রাজশাহী পৌঁছাবে বিকেল ৪টা ২০ মিনিটে। আর রাজশাহী থেকে বিকেল ৪টা ৪৫ মিনিটে ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ঢাকায় পৌঁছাবে বিকেল ৫টা ৩৫ মিনিটে। ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে তিন হাজার ১৯৯ টাকা। বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সেলস সেন্টার, কল সেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেনা যাবে। এ ছাড়া বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রমোকোড ঘঊডণঊঅজ২৩ ব্যবহার করে মূল ভাড়ার ওপর ৫ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। ধবার (২৪ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়, বিশেষ ফ্লাইটের পাশাপাশি ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে সপ্তাহে চারদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান। প্রতি শুক্র, শনি ও রোববার ঢাকা থেকে বেলা ১১টা ১৫ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যায়। আর রাজশাহী থেকে দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে দুপুর ১টা ১৫ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে এবং রাজশাহী থেকে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। ঢাকা-রাজশাহী রুটের টিকিট ক্রয় ও আনুষঙ্গিক তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট এবং প্রয়োজনে ০১৯৯০৯৯৭৯৯৭ নম্বরে ও সেলস কাউন্টার, রাজশাহী (০১৭৭৭৭১৫৭৩৬) এই নম্বরে যোগাযোগ করতে বলেছে বিমান। প্রসঙ্গত, আগামী ২৯ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। প্রথমেই ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৩০ মে ‘এ’ ইউনিটের এবং ৩১ মে ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে। প্রতি ইউনিটে চার শিফট করে মোট ১২ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাবিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য এ বছর চূড়ান্ত আবেদন জমা পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ জনের। ৩ হাজার ৯৩০টি আসনের জন্য এ শিক্ষার্থীরা পরীক্ষায় বসবেন। প্রতি আসনের জন্য লড়বেন ৪৫ জন শিক্ষার্থী।