৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
আজ ঐতিহাসিক ৭ নভেম্বর
বিজ্ঞাপন

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহি-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। সিপাহি-জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর-উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পণ করে। তাই ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত দিন। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনে বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্টপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ উপলক্ষে পৃথক বাণী প্রদান করেছেন। বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন ছিল। তিনি বলেন, ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক বাংলাদেশের আগামী নির্মাণের প্রেরণা ও পাথেয়। পৃথক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন এবং দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার যুগান্তকারী বিপ্লবে অংশগ্রহণকারী সব বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি তিনি বিনম্র শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে আজ শনিবার সাধারণ ছুটি। দিবসটি উপলক্ষে সংবাদপত্রগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হবে। জাতীয় ইতিহাসের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপি ৭ দিনের কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ সারা দেশে শোভাযাত্রা করবে দলটি। আজ শনিবার দেশের অধিকাংশ জেলা ও মহানগরে এসব শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলও দিবসটি উপলক্ষে কর্মসূচি পালন করবে।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন