‘আন্তালিয়া লিডার্স সামিট’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এর উদ্বোধনী অধিবেশন শুরু হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে কপ-৩১ সম্মেলনস্থলে উদ্বোধনী অধিবেশন শুরু হয়। উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন। এর আগে সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনস্থলে পৌঁছান। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। উদ্বোধনী অধিবেশন শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলাপচারিতা হয়।
এদিকে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ। বুধবার বিকাল পৌনে ৩টায় বৈঠক শুরু হয়ে আধাঘণ্টা পর্যন্ত চলে। সম্মেলনস্থলে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় আরও উপস্থিত ছিলেন– পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।-এফএনএস
