এফএনএস : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ২৫০০ কোটি টাকা ব্যয়ে আট বিভাগে ৮টি ক্যানসার হাসপাতাল তৈরি হচ্ছে। এর কার্যক্রম শুরু হয়ে গেছে। সেখানে ক্যানসারসহ হার্ট ও কিডনীর চিকিৎসা ব্যবস্থা থাকবে। এতে করে অন্য বিভাগের রোগীদের চিকিৎসার জন্য কষ্ট করতে হবে না, ঢাকায়ও আসতে হবে না। গতকাল বৃহস্পতিবার মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ক্যানসার চিকিৎসা ব্যয়বহুল উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সার চিকিৎসার জন্য এত লোক ঢাকায় আসে, দীর্ঘসময় রোগীসহ তাদের স্বজনদের ঢাকায় থাকতে হয়। চিকিৎসার জন্য অনেক সময় লাগে, এই চিকিৎসাও ব্যয়বহুল।
তাই হাসপাতালগুলো তৈরি হয়ে গেলে অন্য বিভাগের লোকদের কষ্ট করে আসতে হবে না। আটটি হাসপাতালে প্রায় ১০০০ বেড হবে। এতে অনেকাংশে এই রোগের চিকিৎসা পেতে মানুষের কষ্ট দূর হবে। সেজন্য আমাদের চেষ্টা চলছে। জাহিদ মালেক বলেন, ক্যানসার সারা বিশ্বের জন্য দূরারোগ্য ব্যাধি। সারা বিশ্বে প্রতি বছর এক কোটি মানুষ মারা যায়। বাংলাদেশেও তার চিত্র ভালো নয়। প্রতিবছর এক লাখ মানুষ মারা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবায় পুরস্কৃত হয়েছেন। প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো। জাহিদ মালেক বলেন, ভ্যাকসিন নিয়ে অনেক আজেবাজে কথা বলা হচ্ছে। যারা গুজব ছড়ায় তারা দেশের মানুষের ভালো চায় না। এটা আমরা করতেও দেবো না।
আমরা সারা বছর ভ্যাকসিন নেবো, করোনা নিয়ন্ত্রণে আসবে। যারা দেশের মঙ্গল চায় না তারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে অভিযোগ করে মন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা বিদেশে বসে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে ষড়যন্ত্র করছে। আমরা সজাগ আছি, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। দেশের মানুষ সচেতন, মানুষ উন্নয়ন চায়। এ ধারা অব্যাহত রাখতে হবে। জাহিদ মালেক বলেন, নন কমিউনিকেবল ডিজিজে গুরুত্ব দেওয়া হচ্ছে। আট বিভাগে ক্যানসার হাসপাতাল করা হচ্ছে। যার কার্যক্রম শুরু হয়েছে, আড়াই হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। হাসপাতাল তৈরি হলে চিকিৎসার জন্য ঢাকায় আসতে হবে না। চালু হলে আরো এক হাজার বেড যুক্ত হবে। সরকারের মন্ত্রী এবং সংসদ সদস্যদের টিকা দেওয়ার জন্য মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।