পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনা
রুবেল সরকার : রাজশাহীর মোহনপুরের বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ, জোবায়দা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা ও উপহারের মাধ্যমে বিদায় সংবর্ধনা জানিয়েছে মোহনপুর প্রেসক্লাব। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের কার্যালয়ে আন্তরিক পরিবেশে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক নববাণী পত্রিকার চিফ রিপোর্টার রুবেল সরকার, সাধারণ সম্পাদক রাসেল সরকার, দৈনিক যায়যায়দিনের মোহনপুর প্রতিনিধি রায়হানুল হক রিফাত, দৈনিক ইনকিলাবের মোহনপুর প্রতিনিধি রাশেদুল ইসলাম, দৈনিক উত্তরা প্রতিদিনের মোহনপুর প্রতিনিধি শরিফুল ইসলাম এবং দৈনিক জবাবদিহির মোহনপুর প্রতিনিধি শাহিনুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। ভূমি ব্যবস্থাপনা ও জনসেবায় দক্ষতা একজন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে জোবায়দা সুলতানা মোহনপুরে দায়িত্ব পালনকালে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, নামজারি প্রক্রিয়া সহজীকরণ, সরকারি খাস জমি উদ্ধার ও সুরক্ষা এবং ভূমি বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষা, বাজার মনিটরিং এবং জনস্বার্থে বিভিন্ন অনিয়ম প্রতিরোধে তার সক্রিয়তা ও প্রশাসনিক দক্ষতা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
সংবর্ধনাকালে প্রেসক্লাবের সদস্যরা বলেন, দায়িত্ব পালনকালে তার সততা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড মোহনপুরের সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। সেবাগ্রহীতাদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা প্রদানে তার আন্তরিক প্রচেষ্টা স্থানীয় প্রশাসনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা পদোন্নতি পেয়ে উপপরিচালক হিসেবে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) যোগদানের সুযোগ পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন যে, নতুন কর্মস্থলেও তিনি একই রকম নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাবেন এবং তার সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করেন। উল্লেখ্য, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানাকে মোহনপুর প্রেসক্লাবের পাশাপাশি উপজেলা অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও সংবর্ধনা প্রদান করা হয়।
