২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, জ্বালানি সংকট মোকাবিলা, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালীকরণ এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে সারা দেশে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলমান প্রকল্পের আওতায় নতুন করে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে উদ্যোক্তাদের ঋণসুবিধা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা এগারোটায় রাজশাহীর পবা উপজেলার বিরস্তইল ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) প্রকল্পের আওতায় স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন ও সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তর।
প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ১৫ হাজার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৩ হাজার প্ল্যান্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের গ্রামাঞ্চলে গরু এবং হাঁস-মুরগির খামারের বর্জ্য ব্যবহার করে সহজেই বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব। মাত্র তিনটি গরু থাকলেও একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা যায়। এ প্ল্যান্ট নির্মাণে যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও ঋণ প্রদান করবে। বর্তমানে এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানের পাশাপাশি ঋণের পরিমাণ ১০ লাখ টাকার বেশি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে রান্নার জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি জৈব সার উৎপাদন করা সম্ভব। এ জৈব সার কৃষিজমির উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জৈব সার বিক্রির মাধ্যমে উদ্যোক্তারা বাড়তি আয় করতে পারবেন। বায়োগ্যাস ব্যবহারে পরিবেশদূষণ ও দুর্গন্ধ কমবে এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
তিনি জানান, রাজশাহী জেলার নয়টি উপজেলা ও মহানগর এলাকায় ইতোমধ্যে ২৬৯টি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। প্রতিটি গ্রাম ও এলাকায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে ৩০টি সংযোগ স্থাপন করা হলে, সংশ্লিষ্ট এলাকাকে ‘বায়োগ্যাস পল্লি’ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে খামারি ও উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়মিত মাঠপর্যায়ে গিয়ে জনগণকে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সরকারের ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, দেশের প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গ উপজেলা স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে একটি করে খেলার মাঠ তৈরি এবং বিদ্যমান মাঠ সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ৫০৩টি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ বিষয়ক পাঠ্যবই চালুর পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দশম শ্রেণি পর্যন্ত এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, মেধাবী এবং ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন, ইমপ্যাক্ট প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. মাহফুজুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন