সর্বশেষ সংবাদ

দেশের ৫ সিটি নির্বাচন আগাম প্রচার সামগ্রী সরানোর নির্দেশ

Paris
Update : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

এফএনএস
দেশের পাঁচ সিটি নির্বাচনের আগাম প্রচার সামগ্রী সরানোর জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনাটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে স্থানীয় সরকারগুলোর মাধ্যমে বাস্তবায়নের জন্য বলা হয়েছে। গত মঙ্গলবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে। এর আগে নির্বাচন কমিশনার মো. আলমগীর এ নিয়ে সাংবাদিকদের জানান, মনোনয়নপত্র দাখিলের পর কারা প্রার্থী তা জানা যাবে। এ ক্ষেত্রে কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার প্রার্থিতা বাতিল করা হবে। ইসির নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশন ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন ২১ জুন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেওয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এ লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণা সামগ্রী থাকলে তা মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ রাত ১২টার পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ খরচে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান প্রয়োজন। এ অবস্থায় নির্ধারিত সময়ে উপর্যুক্ত প্রচারণা সামগ্রীসমূহ অপসারণ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নির্দেশ প্রদানের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো। এদিকে ২৭ এপ্রিল গাজীপুর, ১৬ মে খুলনা ও বরিশাল এবং ২৩ মে রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।


আরোও অন্যান্য খবর
Paris