বাংলাদেশের আকাশে আজ শুক্রবার পবিত্র শাওয়ালের চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে শনিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে আগামী রোববার। পবিত্র ঈদুল ফিতর শনিবার না রোববার তা জানা যাবে আজ শুক্রবার। এদিন সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় ১৪৪৪ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
চাঁদ দেখা নিয়ে দেওয়া বক্তব্যে সংশোধন আবহাওয়া অধিদপ্তরের: এদিকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে দেওয়া বক্তব্য সংশোধন করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রথমে তারা শাওয়াল মাসের চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করে বলেছিল- শুক্রবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে। গত বুধবার রাতে সেই স্থানাঙ্কের প্রতিবেদনটি অধিদপ্তরের ওয়েবসাইট (িি.িনসফ.মড়া.নফ) থেকে সরিয়ে নেয় আবহাওয়া অধিদপ্তর। পরে রাতেই চাঁদের স্থানাঙ্ক উল্লেখ করে অধিদপ্তরের প্রথম শ্রেণির পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চাঁদ পর্যবেক্ষণের নির্দেশনা দিয়ে ‘প্রশাসনিক মেসেজ’ জারি করা হয়। সেখানে ২১ এপ্রিল চাঁদের অবস্থা তুলে ধরে ‘বাংলাদেশ থেকে চাঁদ দেখা যাবে’ পরিবর্তন করে বলা হয়, চাঁদের অবস্থানগত কারণে আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে বাংলাদেশে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। প্রথমে ২০, ২১ ও ২২ এপ্রিল সূর্যাস্তের সময় ঢাকায় চাঁদের স্থানাঙ্কে আবহাওয়া বিভাগ বলেছিল, ২১ এপ্রিল সূর্যাস্তের সময় চন্দ্র তিথির দ্বিতীয়া। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে এক দশমিক ৩৪০৫ দিন। শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত। সান্ধ্যকালীর গোধূলীর সময় চাঁদের স্থায়িত্ব হবে ৫৩ মিনিট ৮ সেকেন্ড। একইসঙ্গে চাঁদের অ্যাজিমাথ (দিগংশ) ও অলটিটিউড (উচ্চতা) প্রকাশ করে বাংলাদেশে চাঁদ দেখা যাবে বলে চাঁদের স্থানাঙ্কের প্রতিবেদনে জানানো হয়েছিল। কিন্তু ‘চাঁদ দেখা যাবে’ বলে সুনির্দিষ্ট করে বলায় বিষয়টি নিয়ে সরকারের মধ্যে সমালোচনা হয়। কারণ চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে জাতীয় চাঁদ দেখা কমিটি, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী যে কমিটির সভাপতি।