সর্বশেষ সংবাদ

টানা তাপপ্রবাহে জনজীবন দুর্বিষহ রাজশাহীর তাপমাত্রা ৪২ ডিগ্রী ছাড়াল

Paris
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে ৪২ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা। সোমবার (১৭ এপ্রিল) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। যা আগের দিন ছিল ৪০ দমমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। টানা এই তাপপ্রবাহে রাজশাহী জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ছেদ ঘটেছে স্বাভাবিক কাজকর্মেও। অফিস-আদালত বা ব্যবসা প্রতিষ্ঠান; কোথাও স্বস্তি নেই। বিশেষ করে পথে-ঘাটে কাজ করা শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। রুটি-রুজির তাগিদে আগুনমুখো আবহাওয়া উপেক্ষা করেই তাদেরকে হাড় ভাঙা পরিশ্রম করে যেতে হচ্ছে। মানুষের পাশাপাশি পশু-পাখিরাও নিদারুণ কষ্টে একেকটি উত্তপ্ত দিন পার করছে। সাধারণত সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকেই তাপপ্রবাহ শুরু হয়। ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বলা হয় মৃদু তাপপ্রবাহ। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বলা হয় তীব্র তাপপ্রবাহ। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা আব্দুস সালাম বলেন, গত ৪ এপ্রিল থেকে মূলত রাজশাহীতে তাপপ্রবাহ শুরু হয়েছে। এইদিন রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর পর তাপমাত্রা বড়তে থাকে। গত ১৩ এপ্রিল সেটি বেড়ে দাঁড়ায় ৪০ ডিগ্রী ৬ দশমিক সেলসিয়াসে। তিনি বলেন, সোমবার বিকেল ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। এর আগে দুপুর ১টায় ছিল ৪২ এবং দুপুর ১২টায় ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও এদিন রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। বিকেল ৩টায় রাজশাহীতে বাতাসের আদ্রতা ছিল ১৮%।
এদিকে জনজীবনে দুর্ভোগ বয়ে আনা টানা দুই সপ্তাহের চলমান তাপপ্রবাহের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় চুয়াডাঙ্গাকে ছাড়িয়ে গেছে ঈশ্বরদী; পাঁচ দশকের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার এ উপজেলায়। গতকাল সোমবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমলেও বেড়েছে রাজশাহী অঞ্চলে। দেশজুড়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ অব্যাহত থাকার মধ্যে এদিন ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। ঘরে-বাইরে নিদারুণ ভোগান্তির মধ্যেও আবহাওয়া অফিস খুব একটা সুসংবাদ দিতে পারছে না। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেটে হালকা বৃষ্টির আভাসের কথা বলা হলেও বিরাজমান তাপপ্রবাহ আরও দুয়েকদিন অব্যাহত থাকার শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম। তিনি জানান, ঈদের আগে-পরে ২০-২৪ এপ্রিলের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। তাপমাত্রা পরিমাপে পারদের ওঠানামায় এদিন কিছুটা হেরফের হলেও রাজধানীসহ দেশজুড়ে গরমের তীব্রতা কমেনি। ঘরে বাইরে প্রখর তাপে মানুষ ভুগছে। নিত্য প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন তাদের হাঁফফাঁস অবস্থা ছিল অবর্ণনীয়। তবে বেশ কয়েকদিন বাদে দখিনা বাতাস আসতে শুরু করায় ঢাকাসহ কিছুকিছু এলাকায় তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমেছে। এতে স্বস্তির দেখা মেলেনি। কেননা বাতাসে জলীয় বাষ্প বাড়তে থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদ শাহীনুল জানান, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছুকিছু এলাকায় বৃষ্টির আভাস রয়েছে। তবে ঢাকায় দুয়েকদিনের মধ্যে তেমন আভাস নেই। তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোয় গতকাল সোমবার ঈশ্বরদীর তাপমাত্রা সর্বোচ্চ। রাজশাহী অঞ্চলে বরাবরের মত এবারও তাপপ্রবাহ হয়, বৃষ্টিপাত না থাকায় দ্রুত তাপমাত্রা বেড়েছে। গতকাল সোমবার পাবনার ঈশ্বরদীতে এ মৌসুমের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করার দুদিন আগে শনিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। আর আগের দিন গত রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ও চুয়াডাঙ্গায় ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস।

 


আরোও অন্যান্য খবর
Paris