কাবুলে তালেবান নেতাদের সঙ্গে হিনা রাব্বানির বৈঠক

Paris
Update : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

কাবুলে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। আফগানিস্তানের তালেবান সরকারের নেতাদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। বৈঠকে রাজনৈতিক বিষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ অন্যান্য ইস্যু আলোচিত হয়। খবর আলজাজিরা ও জিও নিউজের। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফির সঙ্গে বৈঠক করেছেন হিনা। বৈঠকে আফগানিস্তানের খনিজ ও পেট্রোলিয়ামমন্ত্রী শাহাবউদ্দিন দেলাওয়ার উপস্থিত ছিলেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, সংযোগ ও মানুষে মানুষে যোগাযোগের মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। হিনা ও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যেও বৈঠক হয়েছে। বৈঠকে দুই দেশের প্রতিনিধিদল উপস্থিত ছিল। বৈঠকে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকে দুই দেশের সরকারের মধ্যে রাজনৈতিক আলোচনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সংযোগ, মানুষে মানুষে যোগাযোগ, আর্থসামাজিক প্রকল্পসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris