‘স্মার্টফোনে আসক্তি পড়াশোনায় ক্ষতি’ শীর্ষক সেমিনার
তথ্য বিবরণী : রাজশাহীতে ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে ‘স্মার্টফোনে আসক্তি : পড়াশোনায় ক্ষতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় এ সেমিনার আয়োজন করে। গতকাল সোমবার বেলা বারো’টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে কী-নোট উপস্থাপন করেন রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: নাজিম উদ্দিন। কী-নোটের উপর আলোচনা করেন রাজশাহী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল মালেক সরকার এবং নিউ গভঃ ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শঙ্কর সেন । প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, আসক্তি হলো কোন কিছুর উপর নির্ভরশীল হয়ে পড়া। স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা জানো। এটি কতটা ভালো এবং কতটা মন্দ। তোমরা প্রযুক্তি ব্যবহার করবে কিন্তু আসক্তিতে জড়াবে না। পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান ভান্ডার হলো ইন্টারনেট। মনে রাখতে হবে বই ও শিক্ষা প্রতিষ্ঠান তোমাদেরকে সঠিক পথ দেখাবে। চিন্তা-চেতনা প্রয়োগে স্মার্টফোনের যেটি ভালো সেটি গ্রহণ করবে আর যেটি মন্দ তা পরিহার করবে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এন,এম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন, আরএমপির পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল ও রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহা: আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
