তানোরে ডিপ অপারেটরের দৌরাত্ম্য
তানোর প্রতিনিধি : রাজশাহী তানোর উপজেলার কলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চন্দনকৌঠা মাঠের জেল নম্বর ৮৭৮ ও ১৬ নম্বর দাগে অবস্থিত বিএমডিএর গভীর নলকুপ অপারেটর জাহানারা খাতুনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, সমিতির মাধ্যমে গভীর নলকুপটি পরিচালনা করা হলেও নানা অজুহাতে কৃষকের কাছে থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। কৃষকেরা জানান, এক বিঘা আলুর জমিতে সেচ খরচ সর্বোচ্চ ৮০০ টাকা হবে, কিন্ত্ত তারা প্রতি বিঘায় ১২০০ টাকা সেচচার্জ নিরর্ধারণ করেছেন, এছাড়াও সেচ দিতে স্বজনপ্রীতি করা হচ্ছে।
অবস্থা সম্পন্ন কৃষকেরা যেকোনো সময় পানি পেলেও সাধারণ কৃষকদের সিরিয়ালের নামে হয়রানি করা হয়, আবার কিছু টাকা ধরিয়ে দিলে তখন কোনো সিরিয়াল লাগে না, নাইটগার্ড, ড্রেন মেরামত ও বৈদ্যুতিক সমস্যাসহ নানা অজুহাতে টাকা নেয়া হয়। স্কীমের কৃষকের মতামতের ভিত্তিতে অপারেটর নিয়োগের জন্য কৃষকেরা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে অপারেটর জাহানারা খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন, তার প্রতিপক্ষরা এসব অপ্রচার করছে। এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহাফুজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
