সিলভীর ভালো ফলাফলে সবাইকে আবার কাঁদালো
মচমইল থেকে সংবাদদাতা : সাফিয়া সিলভীকে নিয়ে বাবা-মাসহ পাড়াপ্রতিবেশীর অনেক স্বপ্ন ছিলো। অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়েও সে ভালো ফলাফল করেছে। পরীক্ষার পর সে মারা যায়। মারা যাওয়ার পর কেঁদেছে সবাই। আর এবার সবাই কাঁদলো সিলভীর সফলতার ফলাফলে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয় এসএসপি ও সমমান পরীক্ষার ফলাফল। এতে জিপিএ ৫ পেয়েছে সাফিয়া সিলভী। তবে ফলাফল ভালো হলেও বেঁচে নেই সাফিয়া সিলভী। রাজশাহীর বাগমারা উপজেলার পুরানতাহেরপুর গ্রামের শফিকুল ইসলামের ওরফে সাহেব আলীর মেয়ে সাফিয়া সিলভী। তার মা মরিয়ম খাতুন স্কুল শিক্ষিকা। বিয়ের দীর্ঘ সময় পর সাফিয়া সিলভী জন্মগ্রহণ করে।
পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এসএসসি পরীক্ষার তিন দিন আগে সাফিয়া সিলভী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এক বিষয়ের পরীক্ষা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী শহরের একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। অসুস্থ হওয়ার পরও সাফিয়া সিলভী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের জন্য তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গত ২৭ নভেম্বর মারা যায় সাফিয়া সিলভী। এসএসসির ফলে সাফিয়া সিলভী প্রতি বিষয়ে এ প্লাস পেয়েছে।
সাফিয়ার বাবা শফিকুল ইসলাম বলেন, সাফিয়া সিলভী তাঁদের একমাত্র সন্তান। তাঁদের মেয়ে লেখাপড়ায় খুব ভালো ছিল। সাফিয়া এর আগে পিএসসি ও জেএসসি পরীক্ষাতেও ভালো ফল করে।
