এফএনএস : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ। গত রোববার প্রায় সাড়ে ছয় মাস পর শনাক্তের হার ৩ শতাংশের নিচে নামে। এর একদিন পরই তা আবার বাড়লো। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন ৭৯৪ জন রোগী শনাক্ত হয়। দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে পুরুষ আটজন ও নারী ১০ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৬ জন এবং বেসরকারি হাসপাতালে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৯১ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৪ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন সুস্থ হয়েছেন। অধিদপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার তিন দশমিক ১৯ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনার মোট নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ২৩৬টি, আর পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৯২৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৮ লাখ ১৯ হাজার ৪১৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭২ লাখ ২৭ হাজার ৬০৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ লাখ ৯১ হাজার ৮১৫টি। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭০০ জন আর নারী ৯ হাজার ৮৯১ জন।
মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন একজন। অধিদপ্তর জানাচ্ছে, মারা যাওয়া ১৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন সাত জন, চট্টগ্রাম বিভাগের পাঁচ জন, সিলেট বিভাগের তিন জন আর রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের রয়েছেন একজন করে। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬ জন আর বেসরকারি হাসপাতালে দুই জন।