স্টাফ রিপোর্টার : নিজ ব্যবহৃত ব্যাগে গুলি নিয়ে বিমানে উঠছিলেন বারী শাহ চৌধুরী নামের এক যাত্রী। ব্যাগ স্ক্যানিংয়ের সময় তা দেখতে পান সিভিল অ্যাভিয়েশনের কর্মীরা। এ সময় ওই যাত্রীকে বিমানবন্দরে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। গতকাল শনিবার বিকালে রাজশাহীর হজরত শাহমখদুম (র.) বিমানবন্দরে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, আবদুল বারী শাহ চৌধুরী(৪৫) নামের ওই ব্যক্তি ভুল করেই ১৭ রাউন্ড গুলি নিয়ে বিমানে উঠতে যাচ্ছিলেন। রাজশাহী মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, আবদুল বারী শাহ চৌধুরীর বাড়ি নওগাঁর সাপাহারে।
তিনি একজন ফিলিং স্টেশন ব্যবসায়ী। বিমানবন্দরে আটকের পর আবদুল বারী শাহ চৌধুরীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি জানান, তাঁর বাবার নামে লাইসেন্স করা রিভলবারের এসব গুলি ব্যাগেই ছিলো। ভুল করে এসব নিয়ে তিনি ঢাকায় যাচ্ছিলেন। ওসি আরও জানান, সাপাহার থানার মাধ্যমে এই লাইসেন্সের ব্যাপারে খোঁজ নেওয়া হয়েছে। সাপাহার থানা পুলিশ রিভলবার ও গুলির লাইসেন্স থাকার কথা জানিয়েছে। তাই প্রাথমিকভাবে বিমানবন্দরে গুলি নিয়ে যাওয়ার এই বিষয়টি ভুল বলেই মনে হচ্ছে। তবে এয়ারপোর্ট থানায় লাইসেন্স না আসা পর্যন্ত আবদুল বারী শাহ চৌধুরীকে থানাতেই থাকতে হবে।