তানোর প্রতিনিধি : রাজশাহী তানোর উপজেলার ৭ নম্বর ইউনিয়নে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, চেয়ার ছোড়াছুড়ি এবং ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় দুই শতাধিক প্লাস্টিকের চেয়ার ভাঙা হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। গতকাল বিকেল ৫ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৮-১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতরা হলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠণিক সম্পাদক পাপুল সরকার, পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার, আ’লীগ কর্মী হিরোসহ আরও ছয়জন।
দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে লোকজনের সমাগম হতে থাকে। তবে সভায় এমপি ওমর ফারুক চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সমর্থরা উপজেলা আ’লীগের সভাপতি গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের অনুসারীদের প্রবেশে বাধা দেন। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে তারা চেয়ার ছোড়াছুড়ি করতে থাকেন।
এত প্রায় দুই শতাধিক চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংঙ্কজ চন্দ্র দেবনাথ ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসানসহ বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এমপি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে বর্ধিত সভার কার্যক্রম শুরু হয়।