স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র ইমরুল হকের বিরুদ্ধে পৌর চত্ত্বরের তাজা ১০টি গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, কোনো অনুমতি ব্যতিত মেয়র একক ক্ষমতা বলে এসব গাছ কেটে পরিবেশের ক্ষতিসাধন করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্সিলর বলেন, তাদের বাধা উপেক্ষা করে মেয়র একক ক্ষমতায় প্রয়াত মেয়র তানোরের জনপ্রিয় নেতা এমরান ভাইয়ের স্মৃতি বিজড়িত এসব গাছ কেটে পৌরবাসীর কুড়ালের কোপ মেরেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯ সেপ্টেম্বর রোববার দিনভর এসব কাটা হয়েছে। জানা গেছে, তানোর পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র প্রয়াত এমরান আলী মোল্লা বিদেশী এসব গাছ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করেছিলেন। এদিকে এমরান আলী মোল্লার স্মৃতি বিজড়িত এসব গাছ নিধনের খবর ছড়িয়ে পড়লে পৌরবাসী বিক্ষুদ্ধ হয়ে উঠেছে।
তারা সরেজমিন তদন্তপুর্বক ঘটনার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও তানোর পৌর মেয়র ইমরুল হকের কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উপজেলা বন কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতিত তাজা গাছ কাটার কোনো সুযোগ নাই এটা দন্ডনীয় অপরাধ।