এফএনএস : জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বেশ কিছুদিন ধরে সরকারের ভেতরে এক ধরনের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। এই সমন্বয়হীনতার কারণে প্রশাসনের ভেতরে দুর্নীতিবাজ সিন্ডিকেট সরকারের উন্নয়নের সুফল ধ্বংস করছে। পাশাপাশি প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি চক্র শেখ হাসিনা ও বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে হঠাৎ করে সম্মানিত সাংবাদিকদের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ইনু বলেন, সংঘবদ্ধভাবে সম্মানিত সাংবাদিকদের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা মানে সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করা। বিএনপির আন্দোলন সম্পর্কে ইনু বলেন, দুর্নীতিবাজ, জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে বিএনপির আন্দোলনের ঘোষণা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই না। এসময় উপস্থিত ছিলেন- জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মোহসিনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী স্থানীয় জাসদ নেতারা।