স্টাফ রিপোর্টার : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অপরাধে বিএনপি নেতা আক্তার হোসেনের (৪৫) সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে কারাদন্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আর জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত আক্তার হোসেনের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার রাণীনগর শেরকোল গ্রামে। তিনি শেরকোল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, গত ২০১৫ সালের ২ সেপ্টেম্বর রাতে এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি আক্তার হোসেন তার ফেসবুকে পোস্ট করে আপত্তিকর কথাবার্তা লেখেন। এ ঘটনায় পরদিন শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান বাদী হয়ে সিংড়া থানায় ২০০৬ সালের তথ্য-প্রযুক্তি আইনের (সংশোধন-২০১৩) ৫৭ ধারায় একটি মামলা করেন।
এ ঘটনায় সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত দাস ২০১৬ সালের ৮ মার্চ আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এরপর মামলাটির বিচার চলাকালে আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।