ভোলাহাটে আরআরএমইপি প্রকল্পের স্বচ্ছ লটারিতে ৪০ জন নারী শ্রমিক নিয়োগ
ভোলাহাট প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) ২০২৬-২৭ অর্থবছরের আওতায় মাটি কাটার কাজের জন্য স্বচ্ছ প্রক্রিয়ায় ৪০ জন নারী শ্রমিক নিয়োগ সম্পন্ন করেছে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। একই সঙ্গে ৩০ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় ভোলাহাট উপজেলা এলজিইডি কার্যালয়ের উদ্যোগে উপজেলার চারটি ইউনিয়ন—ভোলাহাট সদর, গোহালবাড়ি, দলদলী ও জামবাড়িয়া ইউনিয়নের আবেদন যাচাই-বাছাই শেষে সরাসরি উন্মুক্ত লটারির মাধ্যমে শ্রমিক নির্বাচন করা হয়। উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, প্রথমে ভোলাহাট সদর ইউনিয়নের আবেদন যাচাই-বাছাই করা হয়। এতে যোগ্য ১৪ জন প্রার্থী লটারিতে অংশ নেন। তাঁদের মধ্যে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত এবং ৪ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। এরপর ৪নং জামবাড়িয়া ইউনিয়নের ১৬ জন যোগ্য প্রার্থী লটারিতে অংশ নেন। সেখান থেকে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় এবং ৬ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। ২নং গোহালবাড়ি ইউনিয়নে যাচাই-বাছাই শেষে ৩৯ জন প্রার্থী লটারিতে অংশ নেন। তাঁদের মধ্য থেকে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এ ছাড়া ১০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। সবশেষে দলদলী ইউনিয়নে ৬০ জন যোগ্য প্রার্থী লটারিতে অংশ নেন। তাঁদের মধ্য থেকে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় এবং ১০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত কোনো নারী শ্রমিক কাজ করতে অপারগতা প্রকাশ করলে অথবা অসুস্থতা কিংবা দুর্ঘটনার কারণে দায়িত্ব পালন করতে না পারলে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে অন্য শ্রমিককে কাজের সুযোগ দেওয়া হবে।
লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. একরামুল হক, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার জাহান, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সৈবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিয়োগপ্রত্যাশী নারীরা।
