এফএনএস : স্কুল শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের টিকা নিশ্চিত করা ও শিক্ষার্থীদের টিউশন ফি কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক ফোরাম। গতকাল শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফোরামের আহ্বায়ক আফরোজ আক্তার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে শিক্ষার্থীসহ সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে টিকা প্রদানের ব্যবস্থা করা জরুরি। স্বাস্থ্যবিধি অনুসরণে প্রয়োজনে এলাকাভিত্তিক টাস্কফোর্স গঠন করে তদারকি করার দাবি জানান তিনি। করোনা মহামারিতে নানা সংকট ও সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, টিউশন ফি ৫০ শতাংশ কম নেওয়া খুব জরুরি।
নয়তো অতীতের মতো ক্লাস, পরীক্ষায় সুযোগ না দেওয়া, পরীক্ষার ফল স্থগিত রাখাসহ নানা ঘটনাও সামনে ঘটবে। এর আগে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক ফোরামের সকল কমিটি, স্যোশাল মিডিয়া গ্রুপের বিলুপ্তি ও নতুন আহ্বায়ক কমিটির পরিচিতির কথা উল্লেখ করেন ফোরামের নতুন আহ্বায়ক আফরোজ আক্তার। অভিভাবক ফোরামের যুগ্ম-আহ্বায়ক মঞ্জুর সাকলাইন বলেন, বাচ্চাদের নিয়ন্ত্রণ করা কঠিন। তারা আক্রান্ত হলে পরিবারের বয়স্করাও আক্রান্ত হতে পারে। তাই তাদের টিকা নিশ্চিত করা জরুরি। বিশেষ ব্যবস্থায় এটা করতে পারে সরকার। এ ছাড়া মাসিক র্যাপিড টেস্ট করাও দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক ফোরামের যুগ্ম-আহ্বায়ক এম. এন আমিন, নির্বাহী সদস্য রিয়াজ আনেয়ার, সদস্য আবদুস সালাম, আনিসুর রহমানসহ আরও অনেকে।