চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে ভূমিহীনদের আবাসনে অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ১০টি ঘরসহ সাত লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হলিদাগাছী আবাসন প্রকল্পে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চারঘাট ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, হলিদাগাছী আবাসনের ১৯নম্বর ব্লকের দিলরুবা খাতুনের ঘরের বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যে এ অগ্নিকাণ্ডে ভূমিহীন দিলরুবা, করিম, আসাদুল, বাপ্পা, সাইদুর, শুকা, রিংকি, জোসনা, রবি ও সাইদুলের পরিবারের ১০টি ঘর ও ঘরের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আসাদুল, সাইদুর ও দিলরুবা খাতুন জানান, রাতের অগ্নিকাণ্ডে তারা এখন সহায়-সম্বলহীন। তাদের জামা কাপড়সহ সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান জিয়াউল হক মাসুম বলেন, সোমবার রাতে আবাসনে অগ্নিকাণ্ডে ভূমিহীনদের ১০টি ঘর পুড়ে গেছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।