মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় গভীর রাতে ৩ নারীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে ফুঁসে উঠছে এলাকাবাসী। ঘটনার মূলহোতা আব্দুস সাত্তারসহ জড়িত অন্য আসামীদের বিচারের দাবিতে সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার খলিশাকুড়ি বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করে গ্রামবাসী।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম, গ্রামের রেজাউল হক দুলাল, সামসুদ্দীন আহমেদ ভুট্টো, আহসান হাবীব উজ্জল, আল-আমিন হক, মামুনুর রশীদ, ভুক্তভোগী নারী রেজিয়া পারভীন ময়না, জাহানারা বেগম, মাজেদা বেগম প্রমুখ। বক্তারা দাবি করেন, দক্ষিণ মৈনম মোল্লাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার একজন ভুমিদস্যু ও মামলাবাজ। মুক্তিযোদ্ধা হওয়ায় এলাকার লোকজন ভয়ে তাঁকে কিছুই বলেন না।
এ সুযোগ কাজে লাগিয়ে এলাকার অনেকের জমি দখল করে নিয়েছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে একাধিক ব্যক্তিকে। বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৯ আগস্ট আব্দুস সাত্তারের নেতৃত্বে ২০-২৫ জন ভাড়াটিয়া বাহিনী গ্রামের অসহায় নারী রেজিয়া বিবি ময়নার সম্পত্তি দখল করে নিতে গভীর রাতে হামলা ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এসময় ময়নাসহ ৩ নারীকে গাছের সঙ্গে বেধেঁ নির্যাতন করা হয়।
এদিকে দক্ষিণ মৈনম গ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন ও মতবিনিময় সভা করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের নেতৃত্বে এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির মুন্সি, মৈনম ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী রাজা, ইউপি সদস্য আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে ইউএনও আবু বাক্কার সিদ্দিক বলেন, ৭২ এর খতিয়ানমূলে বিবাদমান সম্পত্তিতে রেজিয়া বিবি ময়নার দখল সত্বের সঠিকতা আছে।
এ বিষয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য গ্রামবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৯ আগস্ট উপজেলার দক্ষিণ মৈনম মোল্লাপাড়া গ্রামের অসহায় নারী ময়না বিবির সম্পত্তির দখল নিতে গভীর রাতে হামলা ও বসতঘর ভাঙচুর করা হয়। তাঁর সৎভাই গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের নেতৃত্বে ভাড়াটিয়া বাহিনী ওই বাড়িতে বসবাসরত ৩ নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালান হামলাকারীরা।