মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাইচ খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গৃহবধূ নাইচ খাতুন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। অনেক সময় হলেও গোসল শেষ করে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনের সন্দেহ হয়।
পরে পরিবারের লোকজন পুকুরে গিয়ে গৃহবধূকে পানিতে ডুবন্ত অবস্তায় দেখতে পায়। এ সময় লোকজন পুকুরের পানি থেকে তাঁকে উপরে উঠার। ততোক্ষনে মারা গেছেন ওই গৃহবধূ। নিহত গৃহবধূর স্বামী নজরুল ইসলাম বলেন, আমাদের কেবল তিন মাসের একটি কন্যা সন্তান আছে। ওই সন্তানকে রেখে পুকুরে গোসল করতে গিয়ে তাঁর স্ত্রী পানিতে ডুবে মারা যায়। তাঁর স্ত্রী অসুস্থ ছিল বলেও জানা গেছে।
এ ব্যাপারে গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিজন কুমার সরকার বলেন, নাইচ খাতুন দীর্ঘদিন থেকে অসুস্থ ছিল। অসুখের কারনে মাথা ঘুরে পানিতে ডুবে মারা গেছেন। থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, পানিতে ডুবে গৃহবধূর মৃত্যুর বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অসুস্থ হওয়ায় পানিতে ডুবে গৃহবধূ মারা গেছেন বলে জানতে পেরেছেন বলে জানিয়েছেন।