সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ

তালেবানের দখলে আফগানিস্তানে ক্ষমতা, দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট

Paris
Update : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

এফএনএস : ক্ষমতা বদল হল আফগানিস্তানে। প্রায় দু’দশক পর আফগানিস্তানে আবার শুরু হল তালেবান শাসন। কাবুলের ক্ষমতা দখল করার পরেই সেখানকার প্রধান জেলখানার দরজা খুলে দিয়েছে তালিবান। খবর আল জাজিরা ও আনন্দবাজারের। সেখানে বন্দি তালিবান যোদ্ধাদের মুক্তি দেওয়া হয়েছে। কাবুলের প্রায় সব সরকারি ভবনে উড়ছে তালিবানের পতাকা। গোটা শহর জুড়ে ক্ষমতা বদলের ছবি স্পষ্ট। রাজপথের দখল নিয়েছে তালিবান। চলছে উল্লাস। জনপথে গাড়ির ভিড়ে যানজট তৈরি হয়েছে। সবাই নিজেদের বাড়ি ফেরার চেষ্টা করছেন। প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাগের পর আফগানিস্তানের বর্তমান সরকার অন্তর্বতীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে।

আফগান গণমাধ্যমে খবর এসেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জালালি। আফগানিস্তানের সংবাদ সংস্থা খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে তালেবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর কাতার – আমেরিকার কূটনীতিবিদদের নিয়ে আশরাফ ঘানির সঙ্গে বৈঠকে বসেছেন। এ বৈঠকের পরই সিদ্ধান্ত আসতে পারে। তালেবানের সহ প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল ঘানি বারাদার আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে খবর এসেছে আরব গণমাধ্যমগুলোতে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে আফগানিস্তানের গণমাধ্যমগুলো জানায়, আফগানিস্তানের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন আশরাফ ঘানি।

সরকারের একজন মন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, কাবুলে হামলা হবে না, এই শর্তে তালেবানের সঙ্গে সমঝোতা হয়েছে। এ দিন বিকেলে তালেবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর এবং কাতার-আমেরিকার কূটনীতিবিদদের সঙ্গে বৈঠকের একপর্যায়ে ঘানির পদত্যাগের ঘোষণা আসে। এদিকে মাত্র দশ দিনে ঝটিকা অভিযানে আফগানিস্তানের বেশিরভাগ এলাকা দখলে নিয়ে তালেবান বাহিনী রাজধানী কাবুলে ঢুকে পড়ার পর ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের’ প্রক্রিয়ার মধ্যেই দেশ ছাড়ার খবর এসেছে প্রেসিডেন্ট আশরাফ গানির। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রোববার জানিয়েছে, আশরাফ গানি এরইমধ্যে তাজিকিস্তানের উদ্দেশ্যে কাবুল ত্যাগ করেছেন।

রয়টার্স লিখেছে, এ বিষয়ে বক্তব্যের জন্য তারা প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করলে সেখান থেকে বলা হয়েছে, ‘নিরাপত্তার স্বার্থে’ আশরাফ গানির গতিবিধি সম্পর্কে কোনো তথ্য দেওয়া তাদের পক্ষে ‘সম্ভব না’। তালেবানের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, আশরাফ গানি এখন কোথায়, তারা সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ তাদের প্রতিবেদনে লিখেছে, প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগীরাও কাবুল ত্যাগ করেছেন বলে অন্তত দুটি সূত্র তাদের নিশ্চিত করেছে। এর আগে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদী বলেছিলেন, এই সঙ্কট মেটানোর দায়িত্ব দেশের রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দিয়েছেন প্রেসিডেন্ট গানি।

দেশের ভবিষ্যত নির্ধারণে তালেবানের সঙ্গে আলোচনার জন্য সোমবার একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় যাচ্ছে বলে জানিয়েছিলেন মোহাম্মদী। যুক্তরাষ্ট্র সরকার তালেবানের সঙ্গে চুক্তি করে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে সম্মতি দেওয়ার পর গতবছর থেকে কাতারের মধ্যস্ততায় আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা চলছিল। গত এক বছরে দফায় দফায় বৈঠক হলেও সে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।

বরং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত এপ্রিলে যখন ঘোষণা দিলেন যে দুই দশকের যুদ্ধের অবসান ঘটিয়ে তার দেশের সেনাবাহিনী ১১ সেপ্টেম্বরের মধ্যে পুরোপুরি আফগানিস্তান ছেড়ে যাবে, তার পরপরই তালেবান হামলা শুরু হয়। সবাইকে চমকে দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে দেশটির অধিকাংশ প্রাদেশিক রাজধানীর দখল নিয়ে রোববার কাবুলে প্রবেশ করে তালেবান যোদ্ধারা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন এর মধ্যেই তাদের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করে। কয়েক ঘণ্টা পর আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মিরজাকওয়াল টোলো টিভিতে প্রচারিত এক ভিডিও বার্তায় বলেন, একটি অন্তর্র্বতী সরকারের কাছে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের’ প্রক্রিয়া শুরু হয়েছে। তালেবান কাবুলে হামলা করবে না।

অন্যদিকে তালেবানের পক্ষ থেকে বলা হয়, তাদের যোদ্ধাদের সহিংসতা এড়িয়ে যেতে বলা হয়েছে। ‘শান্তিপূর্ণ ও সন্তোষজনক’ ক্ষমতা হস্তান্তরের বিষয়ে ঐকমত্য না হওয়া পর্যন্ত তাদের যোদ্ধারা কাবুলের সব প্রবেশ পথে পাহারায় থাকবে। টোলো নিউজের খবরে বলা হয়, আশরাফ গানি পদত্যাগ করে একটি অন্তর্র্বতী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন বলে তালেবানের সঙ্গে ইতোমধ্যে সমঝোতা হয়েছে। আর কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অধ্যাপনায় যুক্ত আফগানিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলী আহমাদ জিলালিকে সেই অন্তর্র্বতী সরকারের প্রধান হিসেবে দেখা যেতে পারে। তবে তালেবান জিলালিকে মেনে নিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।


আরোও অন্যান্য খবর
Paris