চারঘাট প্রতিনিধি : নির্ধারিত মেয়াদে শেষ হওয়া তো দূরের কথা, শুরুই হয়নি রাজশাহীর চারঘাটের নন্দনগাছী বাজারের মার্কেট নির্মান কাজ। এতে চরম বেকায়দায় পড়েছেন সেখানকার ব্যবসায়ীরা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের গাফলতির কারণে যথাসময়ে ওই মার্কেটের কাজ শেষ হয়নি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ এটি নির্মাণ এবং তদারকির কাজে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, উপজেলার অন্যতম বড় বাজার নন্দনগাছী বাজার। এ বাজার আধুনিকায়ন করার জন্য ২য় তলা বিশিষ্ট মার্কেট বরাদ্দ দেওয়া হয়।
প্রায় ২ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যায়ে এই মার্কেটের নির্মাণকাজ শুরু হবার কথা ছিল ২০১৯ সালের ১১ নভেম্বর এবং কাজ শেষ হবার মেয়াদ ছিল ২০২১ সালের ১০ মার্চ পর্যন্ত। তবে কাজ বাস্তবায়নের মেয়াদ পার হয়ে গেলেও এখন পর্যন্ত নির্মান কাজ শুরু হয় হয়নি। এ কাজ বাস্তাবায়ন করছে মিম ডেভলেপার এন্ড ইন্জিনিয়ারিং এর পক্ষে ঠিকাদার সরওয়ারুল ইসলাম লালন। এর আগে নির্মাণকাজ শুরু করার জন্য সেখানকার পুরনো ঘরগুলো ভেঙে জায়গা ফাঁকা করা হয়। এতে ৭২ জন ব্যবসায়ী তাদের দোকান ঘর হারায়। নির্ধারিত সময়ে কাজ শুরু না হওয়ায় এসব ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।
মার্কেটের ফাঁকা জায়গাটি বর্তমানে মিনি পুকুরে পরিণত হয়েছে। মার্কেট নির্মান কাজ তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী শফিকুল হাসান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান পাইলিং করেছিল। সে রিপোর্ট টেষ্ট করতে পাঠালে কিছু ত্রুটি পাওয়া যায়। ত্রুটি গুলো সংশোধন করে কাজ করতে বলা হয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারনে এখনো কাজ শুরু হয়নি। নন্দনগাছী বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বলেন, যে সময়ে কাজ শেষ হবার কথা, সে সময়ে শুরুই হয়নি। ব্যবসায়ীরা দোকানঘর হারিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্যবসা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা।
এ বিষয়ে ব্যবসায়ীরা প্রশাসনের বিভিন্ন জায়গায় লিখিত ভাবে অনুরোধ জানিয়েছেন, তবুও কাজ শুরু হয়নি। এ ব্যাপারে নির্মাণকাজ বাস্তবায়নকারী ঠিকাদার সরওয়ারুল ইসলাম লালন বলেন, মার্কেটের পাইলিং কাজ শুরু হয়েছে। তবে বর্ষাকালের জন্য কাজ আগানো যাচ্ছেনা। কয়েকমাস পরে ধারাবাহিক ভাবে কাজ শেষ করা হয়ে। আর কাজের মেয়দা শেষ হলেও সময় বর্ধিত করে নেয়া হবে। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, আমি এই উপজেলায় মাত্রই দায়িত্ব নিয়েছি। মার্কেটের বিষয়টি শুনেছি। খুব দ্রুতই কাজ শুরু হবে।