স্টাফ রিপোর্টার : নিখোঁজের ২২ ঘন্টা পর উদ্ধার হয়েছে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ জনির (২৫) লাশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ডুবুরী টিম। রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কের পশ্চিমে পদ্মা নদীতে দুই বন্ধু গোসল করতে নেমে মোহাম্মদ জনি (২৫) নামে এক কলেজ ছাত্র তলিয়ে যান গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে।
এ ঘটনায় তার বন্ধু সাজ্জাদ হোসেন (২৫) সাঁতরে পাড়ে উঠে এলেও নিখোঁজ ছিলেন জনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। তবেগত রোববার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তার কোন খোজ না পেয়ে উদ্ধার কাজ স্থগিত করা হয়। গতকাল সোমবার থেকে আবারো উদ্ধার কাজ শুরু হয়। সকাল ১০টার দিকে ডুবুরী টিম তাকে উদ্ধার করে। তিনি আরো বলেন ওই যুবকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
তিনি মহানগরের রায়পাড়া এলাকায় বন্ধু সাজ্জাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। নিখোঁজ জনি রাজশাহী কলেজের ৪র্থ বর্ষের ছাত্র। তার বন্ধু সাজ্জাদ হোসেন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ৪র্থ বর্ষের ছাত্র বলে জানাগেছে। দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বঙ্গবন্ধু হাইটেক সংলগ্ন পশ্চিম পাড়ের ঘাটে গোসল করতে নামেন। এ সময় স্রোতের ঘূর্ণিপাকে পড়ে মুহূর্তেই পানিতে তলিয়ে যান জনি। তবে কোনোভাবে সাঁতারে পাড়ে উঠে আসেন সাজ্জাদ। এরপর থেকে জনি নিখোঁজ ছিলেন।