স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আরও ছয় জন মারা গেছেন। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন। এছাড়াও আরও দুই জন করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মৃত্যুবরণ করেছেন। শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে ১৮ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুই, নাটোরের তিন এবং নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন।
মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন পুরুষ ও আট জন নারী। এদের সাত জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে তিন জন ও ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন রয়েছেন। রামেক হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৫২ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ জন। গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৫ জন।
এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ২১২ জনের করোনা পজিটিভ রয়েছেন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১২৩ জন, যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ৭০ জন। রামেক হাসপাতাল পরিচালক জানান, শনিবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩৪ জনের করোনা শনাক্ত হয়। আগের দিনের চেয়ে তা ৪ দশমিক ৪২ শতাংশ বেড়ে শনাক্তের হার ৩৪ দশমিক ৬৩ শতাংশ। এর আগের দিন শুক্রবার ছিল ৩০ দশমিক ২১ শতাংশ।