এফএনএস : ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শহীদ জাতির পিতার জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কামালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে তিনি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসের সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় ১৯৭৫-এর আগস্ট ট্র্যাজেডি। শেখ কামাল তারুণ্যের অহংকার এবং একজন সৃষ্টিশীল অনন্য প্রতিভার দৃষ্টান্ত হয়ে থাকবেন। কাদের বলেন, বাংলাদেশের ইতিহাসে শেখ কামালের বহুমুখী সৃজনশীল প্রতিভার সৃষ্টি আজকে লক্ষ কোটি তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ¦লিত শিখা হিসেবে যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার কলঙ্ক জাতির কপালে কলঙ্কতিলক হিসেবে ছিল। সেই কলঙ্কের কালিমা মুছে বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোর পথে যাত্রা শুরু করছেন। সেই আলোর পথের অভিযাত্রী হয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবো; আজকের দিনে এটাই অঙ্গীকার।