এফএনএস : আবারও দাম বাড়লো এলপিজি ও অটোগ্যাসের। বেসরকারি পর্যায়ে এলপিজির দাম প্রতিকেজি ৭৭ টাকা ৪০ পয়সা ধরে ১২ কেজি সিলিন্ডারের দাম মূসকসহ ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা জুলাই মাসে ছিল ৮৯১ টাকা এবং জুন মাসে ছিল ৮৪২ টাকা। এদিকে প্রতি লিটার অটোগ্যাসের দাম প্রতি লিটার ৪৪ টাকা থেকে বাড়িয়ে ৪৮ টাকা ৭১ পয়সা নির্ধারণ করেছে হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এ দাম কার্যকর হবে।
গতকাল বৃহস্পতিবার অনলাইনে এক সংবাদ সম্মেলনে ভোক্তা পর্যায়ে এলপিজির তৃতীয়বারের মতো দামের এই আদেশ দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ সময় বিইআরসি’র চেয়ারম্যান আবদুল জলিল, কমিশনের সদস্য মোহাম্মদ আবু ফারুক, মকবুল-ই এলাহী, বজলুর রহমান, কামরুজ্জামান, সচিব রুবিনা ফেরদৌসীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এর বাইরে ৫.৫, ১২.৫, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৩, ৩৫ ও ৪৫ কেজি এলপিজির দামও বিইআরসি আদেশে পুনর্নির্ধারণ করা হয়েছে।
তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মতোই ৫৯১ টাকা থাকবে। যেহেতু এই দামের সঙ্গে সৌদি সিপির কোনও সম্পর্ক নেই। যা কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। এদিকে আবাসিক এ শিল্পে কেন্দ্রীয়ভাবে এলপিজির ব্যবহার শুরু হয়েছে। নতুন পদ্ধতিতে একসঙ্গে বাসা বা কারখানার নিচে বা পাশে বড় সিলিন্ডার থেকে এলপি গ্যাস ব্যবহার করা হচ্ছে। এই সিলিন্ডার থেকে পাইপলাইনের মাধ্যমে বাসায় বাসায় বা কারখানায় সরবরাহ করা হচ্ছে গ্যাস।
এটির দামও কমিশন পুনর্নির্ধারণ করে। এই রেটিকুলেটেড সিস্টেমে সরবরাহ করা এলপিজির দাম ভোক্তা পর্যায়ে মূসক ছাড়া প্রতিকেজি ৬৭ টাকা ২৭ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ১৯ পয়সা এবং মূসকসহ ৭১ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ৮০ টাকা ৪৩ পয়সা অথবা লিটার হিসাবে প্রতি লিটার মূসক ছাড়া ০ দশমিক ১৪৯৪ টাকা থেকে বাড়িয়ে ০ দশমিক ১৬৭১ টাকা এবং মূসকসহ প্রতি লিটার ০ দশমিক ১৫৯৭ টাকা থেকে বাড়িয়ে ০ দশমিক ১৭৮৭ টাকা পুনর্নির্ধারণ করেছে কমিশন।
বিইআরসি’র চেয়ারম্যান জানান, বিইআরসি আইনের অনুচ্ছেদ ক অনুযায়ী জুলাই মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬২০ ডলার এবং ৬২০ ডলার অনুযায়ী প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬২০ ডলার বিবেচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে।
জুন মাসে এই প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপির দাম ছিল যথাক্রমে প্রতি মেট্রিক টন ৫৩০ ডলার এবং ৫২৫ ডলার। এ অনুযায়ী জুন মাসে প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৫২৬.৭৫ ডলার বিবেচনা করে দাম নির্ধারণ করা হয়েছিল। প্রসঙ্গত, গত ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণের ঘোষণা দেয় কমিশন।