স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনা আক্রান্ত আরো ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৯ জন। গত রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় করোনা ইউনিটে এই ১৭ জনের মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন ও কুষ্টিয়ার একজন।
এদের মধ্যে ১১ জন পুরুষ এবং ছয়জন নারী। মৃতদের মধ্যে সাতজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুইজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন। এ নিয়ে চলতি মাসের এ পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫৩ জনে। এর আগে জুন মাসে মৃতের সংখ্যা ছিল ৪০৫ জন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছে ৪২ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। সোমবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছে ৩৯৯ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩৯৯ জনের মধ্যে ১৭৪ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৪৭ জন, যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৭৮ জন। হাসপাতাল পরিচালক জানান, রোববার দুইটি ল্যাবে রাজশাহীর ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার ৩০ দশমিক ৭৮ শতাংশ। যা আগের দিন শনিবার ছিল ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ।