এফএনএস : দুই ডোজ টিকা নেয়ার পরও করোনা আক্রান্ত হয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। শনিবার করোনার র্যাপিড টেস্টে পজেটিভ হওয়ার পর থেকে আইসোলেশনে আছেন তিনি। এদিকে, তার সংস্পর্শে আসা মন্ত্রীদেরও কোয়ারেন্টিনে থাকতে হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এর একদিন আগে প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও বৈঠক করেছিলেন তিনি।
সোমবার দেশটি থেকে করোনার বেশিরভাগ বিধিনিষেধ তুলে নেয়ার কথা রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার জনগণের জীবন নিয়ে ভয়ানক এক পরীক্ষা চালাতে চলেছে। জানুয়ারির পর টানা ২ দিন ধরে ৫০ হাজারের বেশি মানুষ করোনা শনাক্ত হচ্ছেন দেশটিতে।
এদিকে, ইন্দোনেশিয়ায় একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৯২ জনে। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৫১ হাজারের বেশি ব্যক্তি। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এখনো সংক্রমণের চূড়ায় পৌঁছায়নি দেশটি। বিশ্বে করোনায় মোট মৃত্যু ৪০ লাখ ৯৯ হাজার ছাড়িয়েছে। মোট শনাক্তের সংখ্যা ১৯ কোটি ৭ লাখের বেশি দাঁড়িয়েছে।