সর্বশেষ সংবাদ

কওমির দাওরায়ে হাদিস পরীক্ষার ফল ১১ জুলাই

Paris
Update : শুক্রবার, ১৮ জুন, ২০২১

এফএনএস : কওমি মাদরাসার ২০২১ সালের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১১ জুলাই এ পরীক্ষার ফলাফল প্রকাশ করার দিন ঘোষণা করা হয়েছে। গত বুধবার কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’ কার্যালয়ে বোর্ডের স্থায়ী কমিটির সভায় ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়। বোর্ডের অফিস সম্পাদক মু. অছিউর রহমান বলেন, দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল তৈরি করা হচ্ছে। এ কাজ চূড়ান্ত পর্যায়ে।

আগামী ১১ জুলাই দাওরায়ে হাদিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে গত বুধবার বোর্ডের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর মতিঝিলে বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। সভায় ১৪৪২ হিজরির দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয় ৩০ যিলকদ ১৪৪২ হিজরি, ১১ জুলাই ২০২১।

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ দেশের কওমি মাদরাসাগুলোর সরকার-স্বীকৃত ইসলামি শিক্ষাবোর্ড। সরকার ২০১৮ সালের ১১ এপ্রিল এই বোর্ডের অধীনে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে (ইসলামি শিক্ষা ও আরবি) মাস্টার্সের সমমান মর্যাদা দেয়। জাতীয় সংসদের ২০১৮ সনের ৪৮ নম্বর আইনে এ মর্যাদা দেয়া হয়।

বর্তমানে কওমি মাদরাসার ছয়টি বোর্ডের সবকটি দাওরায়ে হাদিস কওমি মাদরাসা আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে নিবন্ধিত। বোর্ডগুলো হলো- বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস, বাংলাদেশ বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশ ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ।

এবার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজারের বেশি। উল্লেখ্য, গত ৩ এপ্রিল থেকে সারাদেশে ২২২টি পরীক্ষা কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হয়। ১৩টি বিষয়ের পরীক্ষা শেষ হয় ৮ এপ্রিল। পরীক্ষা চলাকালে কঠোর বিধিনিষেধ থাকায় প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেয় বোর্ড।


আরোও অন্যান্য খবর
Paris