সর্বশেষ সংবাদ

পত্নীতলায় হানিট্র্যাপ চক্রের জালে তরুণরা

Paris
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : পত্নীতলায় ফেসবুক ও ইমো অ্যাপ ব্যবহার করে তরুণদের টার্গেট করে ভাড়া বাসায় ডেকে এনে মারধর, আপত্তিকর ছবি-ভিডিও ধারণ এবং সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মুক্তিপণ আদায় করছিল একটি সংঘবদ্ধ চক্র। পুলিশের অভিযানে দুই নারীসহ চার সদস্য গ্রেফতারের পর উঠে এসেছে তাদের অপরাধের প্রাথমিক কৌশল। পুলিশ জানায়, চক্রটি নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বা আকর্ষণীয় পরিচয়ে তরুণদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলে তাদের নির্জন ওই বাসায় আসতে প্রলুব্ধ করা হতো। সেখানে পৌঁছানোর পর ভিকটিমকে জিম্মি করে মারধর করা এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হতো। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার চারজন এ ধরনের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা আরও জানিয়েছেন, শুধু পত্নীতলাই নয়, বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে একই কৌশলে অপরাধ সংঘটিত করে আসছিলেন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মাহফুজুর রহমান বাঁধন (২৬), মো. মমিনুর ইসলাম (২২), রুমা খাতুন (২০) ও সাদিয়া আক্তার মায়া (১৯)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তারা আর কোথায় কোথায় একই ধরনের অপরাধ করেছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।’ তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, গ্রেফতারদের ব্যবহৃত মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এসব তথ্য থেকে আরও ভুক্তভোগী ও চক্রের অন্যান্য সদস্য সম্পর্কে তথ্য পাওয়ার আশা করছে পুলিশ। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ বা সাক্ষাতের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে এ ধরনের অপরাধের শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় বা পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris