সর্বশেষ সংবাদ

রাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের লড়বে ৩১ শিক্ষার্থী

Paris
Update : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩১ জন শিক্ষার্থী। তিন ইউনিটে বিশেষ কোটা বাদে চার হাজার ১৭৩টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে এক লাখ ২৭ হাজার ৬৪৬টি। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম গতকাল শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন। অধ্যাপক বাবুল জানান, তিনটি পর্যায়ের চূড়ান্ত আবেদন শেষ হয়েছে গত বুধবার রাত ১২টায়। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন, ‘বি’ ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ জন ও ‘সি’ ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নির্ধারিত আসন ছিল এক লাখ ৩৫ হাজার। তবে চূড়ান্তভাবে আবেদন করেছেন এক লাখ ২৭ হাজার ৬৪৬ জন। রাবির আইসিটি সেন্টারের পরিচালক আরও জানান, এ বছর তিন ধাপে ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে সর্বনিম্ন জিপিএ-৫, মানবিক বিভাগ থেকে সর্বনিম্ন জিপিএ-৪.৩৩ ও ব্যবসায় শিক্ষা থেকে সর্বনিম্ন জিপিএ-৪.৬৭ পাওয়া শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদন করতে পেরেছেন। ‘বি’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে সর্বনিম্ন জিপিএ-৪.২৫, মানবিক বিভাগ থেকে জিপিএ-৩.৬৭, ব্যবসায় শিক্ষা থেকে সব প্রাথমিক আবেদনকারী চূড়ান্ত আবেদনের সুযোগ পেয়েছেন।

‘সি’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে সর্বনিম্ন জিপিএ-৫, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ ও ব্যবসায় শিক্ষা থেকে সর্বনিম্ন জিপিএ-৪.৪২ পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পেরেছেন। এর আগে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হয় গত ১৮ মার্চ। আবেদন জমা পড়ে তিন লাখেরও বেশি। পরে এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনের জন্য একটি তালিকা প্রকাশ করা হয়।

প্রাথমিক আবেদনে নির্বাচিত ভর্তিচ্ছুরা গত ২৩ মার্চ থেকে চূড়ান্ত আবেদন শুরু করেন। তিন ধাপের চূড়ান্ত আবেদন শেষ হয় গত বুধবার রাত ১২টায়। আগামী ১৪ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা, চলবে আগামী ১৬ জুন পর্যন্ত। ‘এ’, ‘বি’ ও ‘সি’Ñএই তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে তিন শিফট করে মোট নয় শিফটে পরীক্ষায় অংশগ্রহণ করবেন শিক্ষার্থীরা।


আরোও অন্যান্য খবর
Paris