১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সাতটি ইনোভেটিভ আইডিয়া নিয়ে বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে অংশ নিলো রুয়েটের টিম

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ | বিভাগ: শিক্ষানগর, স্পেশাল নিউজ
সাতটি ইনোভেটিভ আইডিয়া নিয়ে বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে অংশ নিলো রুয়েটের টিম
বিজ্ঞাপন

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ অংশগ্রহণ করছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের টিম। শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী এই উদ্ভাবনী মেলার আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এদিকে শিক্ষার্থীদের উৎসাহ দিতে মেলার উদ্বোধনীতে উপস্থিত হন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এসময় তিনি শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন।
‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উদ্ভাবক, শিল্পখাত, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের একই প্ল্যাটফর্মে নিয়ে এসে গবেষণা ও উদ্ভাবনকে বাস্তব প্রয়োগ এবং বাজারজাতকরণের সঙ্গে সম্পৃক্ত করা। এর মাধ্যমে তরুণ উদ্ভাবকদের সৃজনশীল ধারণাকে বাজারমুখী করার পাশাপাশি দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হবে। এবারের মেলায় রুয়েটের শিক্ষার্থীদের মোট ৭টি টিম দুইটি স্টলে (৬৮ ও ৬৯ নম্বর স্টল) উদ্ভাবনী ধারণা ও প্রকল্প প্রদর্শনের জন্য অংশগ্রহণ করছে। টিমসমূহের তত্ত্বাবধানে রয়েছেন রুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার ও সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী। জাতীয় পর্যায়ের এ আয়োজনে রুয়েটের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন, প্রযুক্তি ও গবেষণাভিত্তিক কার্যক্রমকে বৃহত্তর পরিসরে তুলে ধরবে। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগকে শিল্প ও বিনিয়োগ খাতের সঙ্গে সংযুক্ত করার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
মেলায় রুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও প্রকল্পের প্রোটোটাইপ এবং পোস্টার প্রদর্শন করা হবে। দর্শনার্থী, গবেষক, শিল্পোদ্যোক্তা, বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট অংশীজনরা রুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে সরাসরি ধারণা লাভের সুযোগ পাবেন। রুয়েটের শিক্ষার্থীদের এ অংশগ্রহণ তাদের উদ্ভাবনী দক্ষতা বিকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গবেষণা, উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং শিল্প-একাডেমিয়া সংযোগ আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। তিন দিনব্যাপী আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, ব্যাংক, করপোরেট প্রতিষ্ঠান ও অন্যান্য প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের পাশাপাশি মেলায় বিভিন্ন প্লেনারি ও প্যারালাল সেশন, গোলটেবিল বৈঠক এবং সংলাপ অনুষ্ঠিত হবে।
-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন